| ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি:

পবিত্র কঠিন চীবর দান উৎসব-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত জীবঙ্গছাড়া নবরত্ন বৌদ্ধ বিহার এবং কাচালং আর্য্যপুর ধর্ম্মোজ্জ্বল বন বিহারে আয়োজিত কঠিন চীবর দান উৎসবের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।

এ সময় তিনি বৌদ্ধ বিহারের সভাপতি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠান উপলক্ষে জোন কমান্ডারের পক্ষ থেকে ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পুরুষদের জন্য ফতুয়া, নারীদের জন্য থামি, পোলাও চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি।

এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের আনন্দে অংশীদার হয়েছে মারিশ্যা জোন। এর ফলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”—এই মূলমন্ত্রকে ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্মীয় উৎসব আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সমাজের সকল স্তরের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে মারিশ্যা জোনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫০তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে দেব-মনুষ্যসহ চক্রবালবাসীর হিত, সুখ, শান্তি ও মঙ্গল কামনায় ১২ ঘণ্টাব্যাপী অভিধর্ম পিটকের মহান পট্ঠান পাঠের আয়োজন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী পর্ব, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা, ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।

দিনব্যাপী ধর্মসভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের গোল্ডেন টেম্পলের অধ্যক্ষ বিরচনা পঞ্ঞা মহাথের। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের রোয়াংছড়ির পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগগাশ্রী মহাথেরো। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী মৈত্রী বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়তিষ্য মহাথের এবং প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের।

এ সময় ভিক্ষুসংঘের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধর্মানন্দ মহাথের, অভয়তিষ্য থের, অগ্রবংশ থের, ধর্মপ্রিয় ভিক্ষু, জ্যোতি লংকার ভিক্ষু, ধাম্মা দীপা ভিক্ষু, বুদ্ধ জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ডালিম তঞ্চঙ্গ্যা, নির কার্বারীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও অন্যান্য হেডম্যান।

দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দায়ক-দায়িকা, পূর্ণ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ দিলারা আক্তার অহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রামগড় প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু ও সম্পাদক নিজাম উদ্দিন (যুগান্তর)-এর নেতৃত্বে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং রামগড় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও দিলারা আক্তার অহি বলেন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি রামগড় উপজেলা প্রশাসনের জনবান্ধব কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রামগড় প্রেস ক্লাবের সহসভাপতি শুভাশীষ দাস ও মো. বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো. মোশারফ হোসেন, অর্থ সম্পাদক সাহাদাত হোসেন কিরণ, সদস্য এমদাদ খান, মাসুদ রানা, সাহেদ রানা ও সাইফুল ইসলাম এবং সহযোগী সদস্য জহিরুল ইসলাম ও তুহিন নিজামসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীঘিনালা গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

 

রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :

দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বুদ্ধপূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দানসহ নানা বিধ দান করা হয়।

অনুষ্টানে মিলন কান্তি চাকমার চঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন বাবুল চন্দ্র চাকমা, অনুষ্টানে প্রধানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নন্দ বংশ মহাস্হবির ভান্তে বাচাঁ মরং তিরত্ন বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুগত বংশ মহাস্থবির, ছোট মেরুং বিশ্ব শান্তি মৈত্রী ভাবনা কুঠিন, গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা সৃষ্টি ভিক্ষু উপস্তিত ছিলেন।

অনুষ্টানে সুগত বংশ ভান্তে বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে দানশীলতা, মৈত্রী, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেব নন্দবংশ ভান্তে।

অনুষ্ঠানে তিনি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জীবনে দান, শীল ও ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানের মাধ্যমে মানুষের মধ্যে উদারতা সৃষ্টি হয়, শীল মানুষকে নৈতিক ও সৎ জীবনযাপনে অনুপ্রাণিত করে এবং ভাবনার মাধ্যমে মনের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই। সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে মৈত্রী, করুণা ও পরোপকারের মনোভাব নিয়ে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি।

এবং বিকেলের পর্বে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য কল্পতরু ও মহান কঠিন চীবর দানের মধ্যেদিয়ে দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

×