রাজস্থলীতে পুলিশ উদ্যোগে জেন্ডার ভিত্তিক ও ভিকটিম সাপোর্ট সেন্টারের জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজস্থলী থানা চত্বরে এ কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার নুরুল আমিন বলেন, “নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো জেন্ডার ভিত্তিক সহিংসতা সামাজিক শান্তি ও উন্নয়নের জন্য বড় হুমকি। পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থা নয়, জনগণের সেবক হিসেবেও কাজ করে। তাই ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীরা বিনা ভয়ে ও নির্ভয়ে ন্যায়বিচার পেতে পারেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ—রাজস্থলী উপজেলা বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা, হেডম্যান-কারবারি, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার বিকল্প নেই। পুলিশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবাগুলো উপস্থিতদের মাঝে তুলে ধরা হয়। জানানো হয়, নির্যাতিত নারী ও শিশুদের জন্য এখানে রয়েছে চিকিৎসা সহায়তা, আইনি পরামর্শ, কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থা।
ওসি ইকবাল বাহার চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো—কোনো ভিকটিম যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। সবাইকে সচেতন হয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।”
দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

| ৭ নভেম্বর ২০২৬












