| ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারানো ফালানের পরিবারের পাশে ভয়েস অব লংগদু

সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারানো ফালানের পরিবারের পাশে ভয়েস অব লংগদু

 

আবু বককর, লংগদু প্রতিনিধি :

ভবিষ্যৎ জীবিকার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হলো গরু। কাপ্তাই লেকের পানিতে নৌকাডুবির ঘটনায় নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানো রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের ফালানের পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব লংগদু। পরিবারের ভবিষ্যৎ জীবিকার সহায়তা হিসেবে তাদের হাতে একটি গরু তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফালানের স্ত্রীর কাছে গরুটি হস্তান্তর করা হয়।

জানা যায়, ফালান (৩০) পেশায় একজন জেলে ছিলেন। মাছ ধরে ও বিক্রি করে স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করতেন তিনি। সম্প্রতি কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় নিজের সন্তানকে নিরাপদে অন্য একটি নৌকায় তুলে দিতে সক্ষম হলেও নিজে পানিতে নিখোঁজ হন। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। ফালানের মৃত্যুর পর স্ত্রী, তিন সন্তান, বৃদ্ধ মা, অবিবাহিত ছোট ভাই এবং স্বামীর বাড়ি থেকে সন্তানসহ ফিরে আসা বোনসহ মোট আট সদস্যের পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের ভবিষ্যৎ জীবিকা ও সন্তানদের লেখাপড়া নিয়ে তৈরি হয় নতুন দুশ্চিন্তা। এ অবস্থায় ফালানের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ভয়েস অব লংগদু। সংগঠনের সদস্যদের সহযোগিতায় পরিবারের জন্য একটি গরু কেনা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পরিবারটির ভবিষ্যৎ জীবিকার একটি ছোট উদ্যোগ। গরুটি লালন-পালনের মাধ্যমে পরিবারটি ভবিষ্যতে কিছুটা আর্থিক স্বাবলম্বিতা অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ভয়েস অব লংগদুর যুগ্ম আহ্বায়ক ও লংগদু মডেল ডিগ্রি কলেজের প্রভাষক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক বলেন, ফালান আর আমাদের মাঝে নেই। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি যে আত্মত্যাগ করেছেন, তা কখনো পূরণ হওয়ার নয়। পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ভয়েস অব লংগদুর সদস্যরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। পরিবারের ভবিষ্যৎ জীবিকার ক্ষেত্রে এই গরুটি কিছুটা সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের সদস্য সচিব শামীম আহমেদ বলেন, ফালানের তিন সন্তানের লেখাপড়া যেন বন্ধ না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাসংক্রান্ত কোনো প্রয়োজনের কথা জানানো হলে সংগঠনের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করা হবে।

গরু হস্তান্তর অনুষ্ঠানে ভয়েস অব লংগদুর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সদস্যসচিব শামীম আহমেদ, অর্থবিষয়ক সদস্য সাংবাদিক গোলামুর রহমান, বার্তা বিষয়ক সদস্য সাংবাদিক বিপ্লব ইসলাম, নির্বাহী সদস্য মিজানুর রহমান বাবু ও আশরাফুল ইসলাম এবং সদস্য মামুনুর রশীদ, দিদার আহমেদ, মোন্তাজ উদ্দিন, সিরাজুল ইসলাম ইব্লু, তাওহীদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারের স্বাবলম্বিতার পথ তৈরি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ভয়েস অব লংগদু।

থানচিতে ত্রিপুরা সম্প্রদায় থেকে নতুন যাজক হলেন ফ্রান্সিস সাধুমনি

সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারানো ফালানের পরিবারের পাশে ভয়েস অব লংগদু

 

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায় থেকে নতুন যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন ফ্রান্সিস সাধুমনি ত্রিপুরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে থানচি উপজেলার বলিপাড়া কুমারী মারীয়ার ধর্মপল্লীতে ডিকন ফ্রান্সিস সাধুমনি ত্রিপুরার যাজকীয় অভিষেক ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার তাঁকে যাজক হিসেবে অভিষিক্ত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়। বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ফ্রান্সিস সাধুমনির যাজক লাভকে সম্প্রদায়ের ধর্মীয় অঙ্গনে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, যাজকীয় অভিষেক খ্রিষ্টীয় ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ধর্মীয় সেবাকাজের গুরুদায়িত্ব গ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা প্রচার, উপাসনা পরিচালনা, মানুষের আধ্যাত্মিক বিকাশ এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার এবং বর্তমানে থানচি থেকে আরও দুজন যাজক হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। তাঁদের এই অগ্রযাত্রা দুর্গম পার্বত্য জনপদে স্থানীয় পর্যায়ে ধর্মীয় নেতৃত্ব বিকাশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

এদিকে স্থানীয়রা জানান, ফ্রান্সিস সাধুমনির এই অভিষেক তাঁর দীর্ঘদিনের ধর্মীয় সাধনা, অধ্যবসায় ও আধ্যাত্মিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পরিণতি। যাজক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ধর্মীয় সেবার পাশাপাশি মানুষের কল্যাণ, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন। তাঁর যাজকের পথচলার সফলতা কামনা করে প্রার্থনাও করা হয়েছে।

স্থানীয় সংশ্লিষ্টদের নতুন যাজক তাঁকে ঘিরে একটাই প্রত্যাশা— খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে ফ্রান্সিস সাধুমনির যাজকত্ব লাভ কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং আনন্দ ও গর্বের উপলক্ষ। তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চা আরও বিস্তৃত হবে। ফ্রান্সিস সাধুমনি ত্রিপুরার যাজকীয় অভিষেক তাই থানচির ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে খ্রিষ্টভক্ত রাইবাহাদুর ত্রিপুরা, বেনেডিক্ট ত্রিপুরা ও মালিরাম ত্রিপুরাসহ অনেকেই বলেন, পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য রয়েছে। এ অঞ্চলের ত্রিপুরা সম্প্রদায় থেকেও একজনের যাজকীয় দায়িত্বে অভিষিক্ত হওয়া ধর্মীয় নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। এটি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে আগ্রহ সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাক্ষাৎকারে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি বলেন, যাজকীয় অভিষেক ঈশ্বরের সেবায় আত্মনিবেদনের এক মহৎ অঙ্গীকার। থানচির মতো দুর্গম জনপদ থেকে স্থানীয় যুবকের যাজক হিসেবে অভিষিক্ত হওয়া পুরো অঞ্চলের জন্য গৌরব ও আশীর্বাদের বিষয়। মাতৃভাষা ভিত্তিক ধর্মীয় চর্চার প্রসার ঘটলে স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাস ও আধ্যাত্মিক চেতনা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যাজক ও সিস্টার, কারিতাসের প্রতিনিধি এবং বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর শত শত নারী-পুরুষ ও খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ের রায় সাহেব বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান ও সংঘদান উৎসব অনুষ্ঠিত

সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারানো ফালানের পরিবারের পাশে ভয়েস অব লংগদু

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী রায় সাহেব বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ এই দানোৎসবকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আসা শত শত পুণ্যার্থীর সমাগমে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ​

শুক্রবার (০৬ নভেম্বর ) দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আয়োজন করে রায় সাহেব বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ।​উৎসবের প্রথম পর্বে সকাল থেকেই নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালের কর্মসূচির মধ্যে ছিল—​বিশ্বশান্তি কামনা ও বুদ্ধ বন্দনা​, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ​পুজনীয় ভিক্ষু সংঘের আগমন, ​প্রব্রজ্যা-উপসম্পদা গ্রহণ ও ভিক্ষু সংঘের পিণ্ডদান।সকালে অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ উদ্বোধন করেন, রায় সাহেব বৌদ্ধ বিহারের উপাসক মংমেচিং পুরাতন কার্বারি। এরপর ভগবান বুদ্ধের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান এবং ভিক্ষু সংঘকে ফুল দিয়ে বরণ করে নেন পুণ্যার্থীরা।​

বেলা ৩টায় দানোত্তম শুভ কঠিন চীবর দান, মহতি ধর্মসভা এবং ভিক্ষু সংঘের আসন গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। রায় সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাইন্দিতা ভান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরো। প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রায় সাহেব বৌদ্ধ বিহারের কমিটি  সাধারণ সম্পাদক থোয়াইসাপ্রু চৌধুরী (রুবেল)। এ সময় অন্যান্যের মধ্যে রাইখালী ৩২১ নম্বর মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরীসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত গণ্যমান্য দায়ক-দায়িকাবৃন্দ ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে পঞ্চশীল গ্রহণ, ভিক্ষুসংঘের মৈত্রী সূত্রপাত, ভিক্ষুসংঘের ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ করা হয়।

দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ঐতিহ্যবাহী কঠিন চীবর কল্পতরু সহকারে প্রদক্ষিণ করা হয়। এ সময় পুণ্যার্থীদের ‘সাধু সাধু সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ। ​এবারের উৎসবে তিন পার্বত্য জেলার সর্বোচ্চ বর্ষাবাস বা ওয়া অধিষ্ঠানকারী সর্বজনপূজ্য স্বর্গীয় উপঞা কাওয়ি মহাথেরোর স্মরণে বিশেষ সংঘদান ও প্রব্রজ্যা-উপসম্পদা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনব্যাপী এই পূণ্যানুষ্ঠানের সার্বিক কর্মসূচিতে উপসম্পদা, পিণ্ডদান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ পূজা এবং নানাবিধ দান উৎসর্গ সম্পন্ন করা হয়। পরিশেষে প্রদীপ পূজা, আকাশ বাতি উত্তোলন ও সমবেত প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি কামনায় এই মহতি উৎসবের সমাপ্তি ঘটে।

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারানো ফালানের পরিবারের পাশে ভয়েস অব লংগদু

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দীঘলছড়িস্থ উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিণ্ডদান, পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী পর্ব, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা, ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নারী সদস্য নন্দিতা দাশ। তিনি উপস্থিত সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা পরিষদের পক্ষ থেকে প্রদান করা চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করেন। পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ বিহারের জন্য বরাদ্দকৃত অনুদান ভিক্ষুসংঘের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বিহারে ওয়াশ ব্লক নির্মাণ প্রতিশ্রুতি ও বিহারের চারপাশে সীমানাপ্রাচীর এবং দেশনাঘর নির্মাণের দাবি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

 

দিনব্যাপী ধর্মসভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির রাঙ্গুনিয়া সোনাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ মহাথের (এম.এ.)। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বাজার সার্বজ

নীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু। এ সময় ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্যলঙ্কার মহাথের, সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথের, উ. তেজবর্ণ ভিক্ষু, শাক্যজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রাঙামাটি জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ধনমনি চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি অরুণ বিকাশ  চাকমা ও সাধারণ সম্পাদক অমৃতসেন তঞ্চঙ্গ্যা।

দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত পূণ্যার্থী, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

×