গুইমারায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ৯ম দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত: বরেণ্য ভিক্ষুসংঘের পবিত্র ধর্মদেশনা
ছন্দ সেন চাকমা, নিজস্ব প্রতিবেদক :
গুইমারা (খাগড়াছড়ি): অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারায় উদযাপিত হয়েছে ‘৯ম দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৬’।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬ খ্রি., ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ) কালপানি পিলেভাঙ্গার বৈশালী বন বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই পুণ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুক্রবার সকালে বৈশালী বন বিহার প্রাঙ্গণে সমাগত পুণ্যার্থী ও উপাসক-উপাসিকাদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সকালের পর্বের প্রধান আকর্ষণগুলোর মধ্যে ছিল— বুদ্ধমূর্তি দান, সর্বজনীন মহাসংঘ দান, বুদ্ধ পূজাসহ নানাবিধ দান, পরম পবিত্র কঠিন চীবর দান, কল্পতরু দান, অষ্টোপকরণ দান, হাজার প্রদীপ ও ফানুস প্রজ্বালনসহ নানা পুণ্যময় অনুষ্ঠান সম্পাদন করা হয়।
বিহার প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়িসহ বিভিন্ন দূরদূরান্ত থেকে শত শত পুণ্যার্থী ও উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন। বিহারের অধ্যক্ষ ও উপস্থিত মহান ভিক্ষুসংঘের সান্নিধ্যে পুণ্যার্থীরা চীবর ও নানা দানসামগ্রী উৎসর্গ করেন।
বরেণ্য ভিক্ষুসংঘের ধর্মদেশনা ও আশীর্বাণী : সংঘদান ও কঠিন চীবর দানের এই মহোৎসবে পুণ্যার্থীদের উদ্দেশে পবিত্র ধর্মীয় দেশনা প্রদান করেন বরেণ্য ভিক্ষুসংঘ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অমূল্য সদ্ধর্ম দেশনা প্রদান করেন— রাজ বন বিহার থেকে আগত শ্রদ্ধেয় শ্রীমৎ যুক্তিবাদ মহাস্থবির, রামগড় ধর্ম চক্র অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ মহামিত্র মহাস্থবির, পানছড়ি শীলাচার বন বিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি মহাস্থবির, লক্ষীছড়ি কুশিনগর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলা নন্দ স্থবির, বৈশালী বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় পূর্ণ ভান্তে।
ধর্মদেশনায় পুণ্যার্থীদের উদ্দেশে বরেণ্য ভিক্ষুসংঘ বলেন, “কঠিন চীবর দান হলো সর্বশ্রেষ্ঠ দান। এই দানের মাধ্যমে মানব মনে লোভ, দ্বেষ ও মোহ দূর হয় এবং অন্তরে অহিংসা, মৈত্রী ও শান্তির আলো বিকশিত হয়। পূণ্য ও কুশল কর্মের মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারে।” তাঁরা অহিংসার বাণী প্রচারের পাশাপাশি জীবজগতে মৈত্রী ছড়িয়ে দেওয়ার এবং পঞ্চশীল বা অষ্টশীল মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ধর্মদেশনা শ্রবণ শেষে বিশ্বশান্তি, মানবজাতির কল্যাণ ও মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্বালন এবং আকাশে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ৯ম দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৬ এর সফল সমাপ্তি ঘটে।

| ৬ নভেম্বর ২০২৬













