আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার ও হিল ভিডিপিসহ উপজেলা পর্যায়ের মোট ৩১২ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল— প্রতিজনের জন্য পোলাও চাল ১ কেজি, সেমাই (সাধারণ) ২০০ গ্রাম (২ প্যাকেট), সেমাই (লাচ্ছা) ২০০ গ্রাম (২ প্যাকেট), গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম (১ প্যাকেট), চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লোগোসহ শপিং ব্যাগ ১টি।
এ সময় প্রধান অতিথি মো. ছোহরাব হোসেন বলেন, “আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্য যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদের আগমুহূর্তে এ ধরনের উদ্যোগে সদস্যরা অত্যন্ত আনন্দিত।”
উপকারভোগী সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক