রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রাগৈতিহাসিক তীর্থভূমি সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুনী স্নান, সীতামেলা ও মহানামযজ্ঞ। এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০ হাজার পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজক কমিটি।
মন্দির পরিচালনা কমিটির তথ্যমতে, আগামী ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রধান আকর্ষণ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে ১৭ মার্চ মঙ্গলবার। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী এই পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। স্নান ছাড়াও এদিন দিনব্যাপী সীতামেলা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও বারুণী স্নান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী এবারের উৎসবে যোগ দেবেন। আগত সকল ভক্তের জন্য মন্দিরে মহাপ্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে।”
মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, “কাপ্তাই সীতাঘাট মন্দির এখন কেবল দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ের এক সুপরিচিত মহাতীর্থ। ১৭ মার্চ মঙ্গলবার হাজার হাজার ভক্ত কর্ণফুলী নদীতে পুণ্যস্নান শেষে সীতাদেবী মন্দির, শম্ভুনাথ মন্দির ও কালিমন্দির দর্শন করবেন। ভক্তদের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
কর্ণফুলী নদীর তীরের এই সীতাদেবীর মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য। প্রতি বছর বারুণী স্নান উপলক্ষে এখানে এক মিলনমেলা তৈরি হয়, যা কাপ্তাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ।

অনলাইন ডেস্ক