রুপম চাকমা, দিঘীনালা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার শুকনোছড়া এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ৫টার সময় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ চাকমা নিজ বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। নিহতের ব্যক্তির নাম বিকাশ চাকমা, পিতার নাম বাদি চন্দ্র চাকমা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয় ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা সকলকে বৈরী আবহাওয়ার সময় খোলা স্থানে না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান এবং ভুক্তভূগি পরিবারকে সমবেদনা জানান।

অনলাইন ডেস্ক