নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল অভিযানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, বর্তমান যুগে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার করলে অনেক জটিল অপরাধও সহজে উদ্ঘাটন করা সম্ভব। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। জনগণের আস্থা অর্জন এবং সেবার মান বৃদ্ধি করতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।” তিনি আরও বলেন, মোবাইল হারানোর ঘটনায় দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এতে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল ভুক্তভোগীদের জন্য স্বস্তির এবং পুলিশের প্রযুক্তিনির্ভর সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

অনলাইন ডেস্ক