সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ ,আলীকদম (বান্দরবান)প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে মঙ্গল কামনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা সম্প্রদায়ের বিষু/বিজু উৎসব উদযাপন করা হচ্ছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৭ ঘটিকার সময় আলীকদম সেনাজোন সংলগ্ন মাতামুহুরী নদীর ঘাটে বিষু-বিজু উৎসব উদযাপন কমিটির আয়োজনে এই ফুল ভাসানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলীকদম বিষু-বিজ উদযাপন কমিটির আহব্বায়ক দিপু তঞ্চঙ্গ্যাঁ জানা যায়, তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা সম্প্রদায়ের সকল বয়সের শিশু, কিশোর, তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবী উৎসবের সূচনা করেন। এই ফুল ভাসানোর মাধ্যমে তারা গঙ্গাদেবীর নিকট প্রার্থনার মাধ্যমে মঙ্গল কামনা করেন। তিনি আরও বলেন, বিগত বছরের সকল দুঃখ-কষ্ট, রোগ-বালাই ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানান।

মিথিলা চাকমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাঁ জানান, এই আয়োজনের মাধ্যমে তারা সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সকলের মঙ্গল হোক এই প্রত্যাশায় তারা মাতামুহুরী নদীতে ফুল ভাসান। তাদের কাছে দিনটি অত্যন্ত আনন্দ, উৎসব এবং এক বিশেষ মুহূর্ত। তারা আরও জানান, তিন দিনব্যাপী বিজু উৎসবের এটি প্রথম দিন। আগামী দিনগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে। এর মধ্যে থাকবে ঐতিহ্যবাহী পোশাক পরিধান, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, পাহাড়ে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই উৎসবটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত—যেমন বিজু, বিহু, বিষু, বৈসু, চাংক্রান ও সাংগ্রাই। তবে নাম ভিন্ন হলেও উৎসবের মূল ভাবনা এক—পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া।

অনলাইন ডেস্ক