রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতবনিধি :
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রধান উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবের আনন্দকে আরও রাঙিয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এনি বড়ুয়া। নববর্ষের বিশেষ উপহার হিসেবে প্রকাশিত এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গানটির চমৎকার কথা ও সুর করেছেন মেধাবী শিল্পী শুভ বড়ুয়া। তার সৃজনশীল লেখনী ও সুরে বাংলা নববর্ষের চিরায়ত আবহ, আনন্দ এবং উৎসবের আমেজ ফুটে উঠেছে। গানটির সংগীতায়োজন করেছেন হাফিজ বাউলা। তার নিপুণ কারুকাজে গানটি পেয়েছে এক আধুনিক ও প্রাণবন্ত রূপ, যা বর্তমান সময়ের শ্রোতাদের চাহিদাকে দারুণভাবে পূরণ করছে।
বরাবরের মতোই এনি বড়ুয়ার কণ্ঠের স্নিগ্ধতা ও গানের গভীরতা শ্রোতাদের মুগ্ধ করেছে। পহেলা বৈশাখের এই বিশেষ ক্ষণে তার কণ্ঠে গাওয়া গানটি উৎসবের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা জানিয়েছেন, সুর ও বাণীর মেলবন্ধনে এটি এই বছরের অন্যতম সেরা নববর্ষের গান হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটি দেশের সব শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও অন্যান্য স্ট্রিমিং সাইটে ইতিবাচক মন্তব্য এবং ভালো ভিউস দেখা যাচ্ছে।
নতুন বছরের শুরুতে এমন একটি শ্রুতিমধুর গান উপহার দিতে পেরে উচ্ছ্বসিত শিল্পী নিজেও। সংগীত সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা নববর্ষের গান হিসেবে এটি দীর্ঘ সময় শ্রোতাদের হৃদয়ে টিকে থাকবে।

অনলাইন ডেস্ক