প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব

অনলাইন ডেস্ক

‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
‎
‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাঙ্গণে এসে শেষ হয়।
‎
‎উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন মজুমদার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
‎
‎শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাণবন্তভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা ও চেতনাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বাঘাইছড়িবাসী আনন্দ-উচ্ছ্বাসে বরণ করে নেয় নতুন বাংলা বছর ১৪৩৩।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন