মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়নের সরকারি প্রতিষ্ঠান “গালেংঙ্গ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র”-এর টয়লেট দীর্ঘদিন ধরে অকেজো ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে করে রোগী ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
গত (২১ এপ্রিল )মঙ্গলবার সরেজমিনে জানা যায়, স্থানীয় সরকার সহায়তা কর্মসূচি (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে “গালেংঙ্গ্যা কমিউনিটি সেন্টারের পাশে একটি পাকা ল্যাট্রিন নির্মাণ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের সভাপতি ছিলেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা পাওঙাক ম্রো এবং ঠিকাদার হিসেবে দায়িত্বে ছিলেন বর্তমান মেম্বার মংসিংনু মারমা। প্রকল্পটি বাস্তবায়ন করে ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদ। তবে নির্মাণের কয়েক বছর না পেরোতেই টয়লেটটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী। টয়লেটে নেই পানি, বিদ্যুৎ কিংবা কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। চারপাশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শীকা মেছাইনু মারমা বলেন, আমি একজন নারী হিসেবে এখানে ওয়াশরুম ব্যবহার করা খুবই কষ্টকর। টয়লেটটি ব্যবহার করা যায় না, খুবই নোংরা হয়ে আছে। পানির কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎও নেই—সবকিছুই অগোছালো।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হওয়া সত্ত্বেও টয়লেটের এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক। গুরুতর অসুস্থ রোগীরা এখানে এসে টয়লেট ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত টয়লেট সংস্কার বা নতুন করে নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখবো। কোনো প্রকল্প আসলে টয়লেটটি মেরামত বা নতুন করে নির্মাণ করা হবে।
এলাকাবাসীর দাবি, যেহেতু বর্তমানে হামের রোগ সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের টয়লেটটি ব্যবহার উপযোগী করা না হলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে।

অনলাইন ডেস্ক