এম এস শ্রাবণ মাহমুদ :
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ’র আয়োজন সোমবার (২৭ এপ্রিল)২৬ খ্রিঃ দুপুরে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে কিছুটা পিছিয়ে আছে। তবে বর্তমান সরকার এই খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, জনবল বৃদ্ধি এ অঞ্চলে চিকিৎসক ও নার্সের যে সংকট রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে। অগ্রাধিকার, পার্বত্য তিন জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। আধুনিক যন্ত্রপাতি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব দূর করণে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক