প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং।

অনলাইন ডেস্ক

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে
এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবু তালেব,নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী,জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, আগামী ০২ মে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে ‘নতুন ক্রীড়া স্পোর্টস ২০২৬’ উদ্বোধন করবেন। একই সময়ে বান্দরবান জেলা পর্যায়েও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। বান্দরবানে ০২ মে থেকে ১০মে পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। তিনি আয়োজনটির সফল করার লক্ষ্যে সাংবাদিকসহ  সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যেই দেশে ‘নতুন ক্রীড়া স্পোর্টস ২০২৬’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণদের সুস্থ ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা একজন মানুষের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দলগত চেতনা, নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও ক্রীড়ার অবদান অপরিসীম।

তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলা ও বান্দরবান পৌরসভাসহ মোট আটটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় অংশ নেবে এবং তাদের মধ্য থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে জেলা দল গঠন করা হবে। জেলা দল পরবর্তীতে চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নেবে। চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার দলগুলো অংশগ্রহণ করবে। সেখানে যারা ভালো করবে তারা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
জেলা প্রশাসক বলেন, এ প্রতিযোগিতায় ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে/তায়কোয়ান্দো/জুডো)সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে এসব প্রতিযোগিতা থেকে উঠে আসা মেধাবী খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ, ক্রীড়াবৃত্তি, ক্রীড়া ভাতা ও বিকেএসপিতে ভর্তির সুযোগ সৃষ্টি করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন