বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম রুমা উপজেলার মুনলাই পাড়ায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩০০ নং আসনের সংসদ সদস্য সা চিং প্রু জেরী আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির উদ্বোধন করেন।
এ সময় তিনি সরকারের শিক্ষা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম এ অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে।
একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মুনলাই পাড়া রুমা উপজেলার বগালেকগামী পথে অবস্থিত। বম জনগোষ্ঠী অধ্যুষিত এই গ্রামটি দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য গ্রামটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। পাশাপাশি এটি ইকো-ট্যুরিজম ভিত্তিক একটি আদর্শ গ্রাম হিসেবে পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।
এর আগে সংসদ সদস্যের রুমা উপজেলায় আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানান।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয়রা রুমা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যমান পানি সংকটের বিষয়টিও সংসদ সদস্যের নজরে আনেন। তারা দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনলাইন ডেস্ক