সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান)প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার সংপ্রং ম্রো (১৮) হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৫ মে) আজ সকাল ৭টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে গত কয়েক দিনে উপজেলায় হামের উপসর্গ নিয়ে মোট (৬) ছয় জনের মৃত্যু হলো।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১৩ মে পর্যন্ত এই উপজেলায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জন। এর মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া জরুরি ও বহির্বিভাগ থেকে আরও অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৬ জনকে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে টিকাদান ও প্রাথমিক চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গমতার কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান ও পুষ্টি কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ বলেন, হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

অনলাইন ডেস্ক