বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) কুহালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা। সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচচপ্রু মারমা।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসিং মং মার্মা, হ্লাজাই প্রু মার্মা, উ নাইচিং মার্মা (মহিলা সদস্য), মোঃ আবুল কালাম, অংসাহ্লা মার্মা, উম্মে ইসলাত জাহান শিম্পা, ৯নং ওয়ার্ডের সদস্য মংক্যচিং মার্মা এবং ১নং ওয়ার্ডের সদস্য চাই উগ্য মার্মাসহ বিভিন্ন সরকারি -বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
বাজেট সভায় ইউনিয়নের সম্ভাব্য আয়-ব্যয়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের উপর গুরুত্বারোপ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
আয়োজক সূত্র জানায়, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যেই এ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক