সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও আশপাশের বিভিন্ন গরুর হাটে বিশেষ নজরদারি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে রামগড় ও চিকনছড়া গরুর হাট পরিদর্শন করা হয়।
এসময় বাজারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ, নিরাপত্তা পরিস্থিতি যাচাই এবং হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন র্যাব কর্মকর্তারা।
পরিদর্শনকালে র্যাব সদস্যরা হাটে আগত গরু ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা কোরবানির পশুর হাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা, জাল টাকা লেনদেন, ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিন বলেন, “ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের সমাগম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাব সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত র্যাবকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”
পরিদর্শনকালে র্যাব-৭ ফেনীর টহল কমান্ডার ডিএডি আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক