রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
‘দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাব হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭১ টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর। রাঙ্গামাটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুনছুর আহম্মদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ৭১ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে ৭১ টিভি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে ৭১ টিভি আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি মনোজ বাহাদুরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক সুনিল কান্তি দে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং সমাজসেবক ও ব্যবসায়ী মনিরুজ্জামান। এছাড়া ৭১ টিভির পক্ষ থেকে প্রধান অতিথি মনোজ বাহাদুরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, সাখাওয়াত হোসেন রুবেল, বর্তমান সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান এবং রাঙ্গামাটি জেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) প্রতিনিধি মংসুই প্রু মারমা। এই সময় আরও উপস্থিত ছিলেন, ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, লংগদু সংবাদ দাতা গোলামুর রহমান প্রমুখ।

অনলাইন ডেস্ক