আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাঘাইছড়ি চৌমুহনীস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (মামুন), পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ সকল জাতীয়তাবাদী সংগঠন ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছে। তারা বাঘাইছড়ির শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, “শান্তিপ্রিয় বাঘাইছড়িকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না।”
প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচার ও অশালীন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক