প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক

অনলাইন ডেস্ক
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় এক মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির (১৩) ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী ওমর ফারুক (৪৫)-কে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শুক্রবার (২৬ জুন) দুপুরে মেয়েটি তার নানাবাড়ির রান্নাঘরে একা রান্নার কাজ করছিল। এ সময় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওমর ফারুক রান্নাঘরে প্রবেশ করে প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার একপর্যায়ে ভুক্তভোগীর পরনের কাপড় ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগীর আত্মীয় মইন জানান, অভিযুক্তের মেয়ে ভুক্তভোগীর সহপাঠী। ঘটনার সময় ভুক্তভোগীর নানি পাশের জলাশয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে মেয়েটিকে একা পেয়ে অভিযুক্ত এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগীর মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে শনিবার সন্ধায় আটক করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন