প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

দীঘিনালায় লোকালয় থেকে বার্মিজ পাইথন উদ্ধার

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় প্রায় ৮ ফুট লম্বা একটি দেশীয় অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি নালায় বসানো রিং জালে মাছ দেখতে গেলে জালের মধ্যে একটি বড় আকৃতির সাপ আটকে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সতর্কতার সঙ্গে সাপটিকে জাল থেকে বের করেন। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া সাপটি প্রায় ৮ ফুট লম্বা এবং এটি একটি দেশীয় প্রজাতির অজগর (Python molurus)। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি দেশীয় প্রজাতির অজগর বলে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে এ ধরনের সাপের উপস্থিতি থাকলেও দীঘিনালায় এ প্রজাতির অজগর উদ্ধারের ঘটনা আমাদের জানা মতে এবারই প্রথম। স্থানীয়দের সচেতনতার কারণেই সাপটিকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানাই। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের সংরক্ষণে সবার সহযোগিতা প্রয়োজন।

ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, এত বড় অজগর তারা আগে কখনও এলাকায় দেখেননি। বন বিভাগের তাৎক্ষণিক পদক্ষেপে সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন