আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায়ের কেন্দ্র শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী দিনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ি উপজেলার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় অনুষ্ঠানে বাঘাইছড়ির ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশীল চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে মূল প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। এছাড়া বাঘাইছড়ি উপজেলার ইন্সট্রাক্টর হালিম চৌধুরী এবং কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
প্রশিক্ষণে টিচিং অ্যান্ড লার্নিং মেথড, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা-সহায়ক উপকরণের কার্যকর ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, পাঠ মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন এবং বিষয়ভিত্তিক মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদানের মান আরও উন্নত হবে এবং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক