প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৩:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

​

ছন্দ সেন চাকমা, রাঙামাটি :

রাঙামাটি শহরের পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার সকালে তিনি এই পরিদর্শনে বের হন।

​আজ সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙামাটি সদর উপজেলার শিমুলতলী, রূপনগর এলাকা এবং লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসতিগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন। এ সময় তিনি লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রটির পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এখন পর্যন্ত ওই আশ্রয়কেন্দ্রে ২১টি পরিবারের ৭০ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে। দুর্গতদের জন্য জরুরি খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর বর্ষাকালে রাঙামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয়। প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন