ছবি- প্রতিকী
ছন্দ সেন চাকমা, রাঙামাটি :
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশের একটি গাছ কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ তাঁর ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এদিকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়িসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২০ হাজার মানুষ। বন্যার কারণে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে মানবিক কারণে রিসোর্ট মালিকেরা আটকা পড়া পর্যটকদের থাকা ও পানির ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন এবং খাবারের মূল্যও সহনীয় পর্যায়ে রেখেছেন। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় মোট ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ হাজার ১০০ জন দুর্গত মানুষ এসব আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
অন্যদিকে, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোও। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির মুখে পড়া অসহায় মানুষের মাঝে বিএনপি’র পক্ষ থেকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সতর্ক করা হচ্ছে এবং বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার কার্যক্রম চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক