প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৪:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক

 

ছন্দ সেন চাকমা, ​নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

​সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

​বন্যা পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের কথা শুনে আজ সোমবার (১৩ জুলাই) তিনি সরেজমিনে বাঘাইছড়ির ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যাকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

​দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করে বলেন, “বন্যার শুরু থেকেই আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুর্গত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবার যেন যথাযথ সহায়তা পায়, সেটি নিশ্চিত করতে আমি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। সরকার ও ব্যক্তিগত পর্যায় থেকে এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

​এদিকে জনপ্রতিনিধিকে পাশে পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। বাঘাইছড়ি সদরের বাসিন্দা মো. রহমত আলী বলেন, “পাহাড়ি ঢলে আমাদের বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন দুর্যোগের দিনে এমপি মহোদয়কে আমাদের পাশে পেয়ে আমরা সাহস পাচ্ছি। তিনি আমাদের কষ্টের কথা শুনে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন।”

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে বাঘাইছড়ির বিভিন্ন সড়ক ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী বিতরণের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

​সংসদ সদস্যের এই সফর ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন