উথোয়াইচিং মারমা: বান্দরবান:
টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের হ্লাপাই মুখপাড়া এলাকার ৭৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় হ্লাপাইমুখ পাড়া এলাকায় ৭৫ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেক্টরের সহকারি পরিচালক মোহাম্মদ সেলিম রানা।
বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান বিজিবি সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেক্টর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম রানা।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

অনলাইন ডেস্ক