দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার (১৫ জুলাই) সকালে স্পিডবোটে করে তিনি বারিবিন্দু ঘাট ও পূর্ব লাইল্যাঘোনা নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং নদী ভাঙন কবলিত এলাকা সরেজমিনে দেখান। এ সময় পানি সম্পদ মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থই হলো জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ থাকা। জনগণকে কিছু চাইতে হবে না; দায়বদ্ধতার জায়গা থেকে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি জানান, বাঘাইছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ চলছে এবং শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ভূমি অফিস নির্মাণের কাজও শুরু হয়েছে। উন্নয়ন বৈষম্য দূর করে সব উপজেলায় সমান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের, পুকুর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শত শত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও কাদা-পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছে। বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। উপজেলার বিভিন্ন সড়কে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

অনলাইন ডেস্ক