প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১১:১১ এএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড়, অংশ নিচ্ছেন ৩০০-এর বেশি অ্যাথলেট

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’,একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আগামী ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করবে হাজী মো. নরুল হক ফাউন্ডেশন। আয়োজকদের প্রত্যাশা, রামগড়ে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উৎসাহিত করবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক জানান, গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩০০-এরও বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলেটের জন্য টি-শার্ট, ক্যাপ, সনদপত্র, সকালের নাস্তা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী অ্যাথলেটদের জন্য থাকছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার।

আবদুল হক মানিক আরো বলেন, রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন আয়োজনের মাধ্যমে একটি ইতিবাচক ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে নিয়মিত খেলাধুলা, শৃঙ্খলাবোধ ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, এ কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা এবং সমাজে খেলাধুলার ইতিবাচক ভূমিকা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ ম্যারাথন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অ্যাথলেটদের অংশগ্রহণের মধ্য দিয়ে রামগড়ের ক্রীড়াঙ্গনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন