প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ২:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

দুর্গম পাহাড়ে মাছ চাষ ও সৌরবিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে সেনাবাহিনীর উদ্যোগ

অনলাইন ডেস্ক

 

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি জনপদের মানুষের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং জীবনযাত্রার মানোন্নয়নে বান্দরবানের থানচিতে নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বাকলাইপাড়া, প্রতাপপাড়া ও পাইনোয়ামপাড়া এলাকায় মাছ চাষ ও সৌরবিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অধীন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে বাকলাইপাড়া ও প্রতাপপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য পুকুর প্রস্তুত করে সেখানে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, সরপুটি, তেলাপিয়া ও নাইলোটিকা মাছ। মাছ চাষকে সফল ও টেকসই করতে উপকারভোগীদের মাঝে মাছের খাদ্য (ফিড) এবং প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করা হয়। একই সাথে এ কর্মসূচির আওতায় বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পাইনোয়ামপাড়া গ্রামের পরিবারগুলোর মাঝে সোলার প্যানেল ও ব্যাটারি বিতরণ করা হয়। এর মাধ্যমে সৌরবিদ্যুতের সুবিধা নিশ্চিত হওয়ায় স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাকলাইপাড়া সাবজোন কমান্ডার, স্থানীয় কারবারি, ধর্মযাজক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাকলাইপাড়া সাবজোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, দুর্গম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাছ চাষের এই উদ্যোগ স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে আয়ের নতুন উৎস সৃষ্টি করবে। একই সঙ্গে সৌরবিদ্যুতের সুবিধা বিদ্যুৎবঞ্চিত পরিবারগুলোর জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।

স্থানীয় পাড়াবাসীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণ ও বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন