সাইফুল ইসলাম, রামগড় :
ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জেলার একমাত্র শহীদ মোঃ মজিদ হোসেনকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রামগড় উপজেলা শাখার উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা বিএনপির সভাপতি মো জসিম উদ্দিন এর নেতৃত্বে নাকাপার রসুলপুর গ্রামে শহীদ মোঃ মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মোঃ মজিদের আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

অনলাইন ডেস্ক