প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

রুমায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবাসমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রুমা উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী।

সভায় বক্তারা, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্পের রুমা উপজেলা কো-অর্ডিনেটর ইটেন ত্রিপুরার সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন জেলা MEAL কর্মকর্তা বোধিপ্রিয় তঞ্চঙ্গ্যা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিজা আক্তার বিথী বলেন, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করতে হবে। বিশেষ করে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত করে হাসপাতালে প্রাতিষ্ঠানিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পাপিয়া দাস (এমডি), উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ সাকিবুল ইসলাম, রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসিনু মার্মা, প্রেসক্লাব সভাপতি শৈহ্লাচি মার্মা, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা, গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো, রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী ফজলুল হক, গ্রীনহিলের ইউসি থুইনুমং, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের স্বাবলম্বী করা এবং জীবিকার সুযোগ সম্প্রসারণ করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সেবার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীকে কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, এফআইভিডিবির কারিগরি সহায়তায় এবং তহ্জিংডংয়ের অংশীদারত্বে প্রকল্পটি বান্দরবান জেলার সাতটি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন