রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ির দীঘিনালায় রিচার্জ মিটার দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া, মিটার লক করে দেওয়ার ভয় দেখানো এবং মিটারের রিডিং কমিয়ে নেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলীর বিরুদ্ধে।
উপজেলার করল্যাছড়ি এলাকার একাধিক ভুক্তভোগীর অভিযোগ, বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং রিচার্জ মিটার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এরশাদ আলি। করল্যাছড়ি এলাকার ভুক্তভোগী এক গ্রাহক মো: মিলন বলেন, কয়েক দিন আগে বিদ্যুৎ অফিসের লোকজন তার বাসায় গিয়ে মিটারে সমস্যা রয়েছে বলে জানান। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। প্রায় এক মাস পর আবারও বিদ্যুৎ অফিসের লোকজন তার বাসায় গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩৪ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর ভুক্তভোগী মনির হোসেন বলেন, তিনি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেতেন। পরে বিদ্যুৎ অফিসের লোকজন তাকে রিচার্জ মিটার ব্যবহারের পরামর্শ দিয়ে ‘সমঝোতা’র কথা বলেন। এজন্য তার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে মিটারের রিডিং কমিয়ে দেওয়ার কথা বলে আরও ৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ করল্যাছড়ি এলাকার আরও কয়েকজন গ্রাহকের কাছ থেকেও একইভাবে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছে এই কর্মকর্তা। অভিযোগের বিষয়ে বিদ্যুৎ অফিসে গেলে এরশাদ আলি সাংবাদিকরা বক্তব্য নিতে চাইলে অফিস কক্ষ ত্যাগ করে বাহিরে চলে যান।
অভিযোগের বিষয়ে দীঘিনালা প্রকৌশলী কর্মকর্তা গীতি বসু চাকমা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সুনির্দিষ্ট প্রমান পেলে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক