প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৩:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ: কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ৩৬ বস্তা (১৮০০ কেজি) অবৈধ ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ ঢংছড়ি বিজিবি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় ১৮০০ কেজি ওজনের ৩৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, সারগুলো অবৈধভাবে মজুত বা পাচারের উদ্দেশ্যে অন্যত্র পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত ট্রাক ও সারের আনুমানিক বাজারমূল্য (সিজার ভ্যালু) নির্ধারণ সাপেক্ষে তা স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং সার পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে ইতোমধ্যে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালান দমনে বিজিবির এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন