রুপম চাকমা, দীঘিনালা :
ভ্রমণের উদ্দেশ্যে সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাঙ্গামাটির বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কট যোগে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় উক্ত ৬ পর্যটক হঠাৎ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। পর্যটকদের এই উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বাঘাইহাট বাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চরম জনঅসন্তোষের সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ পর্যটককে আটক করে।
আটককৃত পর্যটকরা হলেন: মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪): জেলা—ব্রাহ্মণবাড়িয়া। সুশান্ত পাল (২৩): জেলা—হবিগঞ্জ। ইয়াছিন (৩২): জেলা—ব্রাহ্মণবাড়িয়া। মোঃ সাইফুল ইসলাম (২৭): জেলা—পটুয়াখালী। হারুন ইসলাম তুষার (২৬): জেলা—হবিগঞ্জ। রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩): জেলা—হবিগঞ্জ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ৬ পর্যটক বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সাজেক থানার ওসির বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক