সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘Invest in Peace – For Everyone, Everywhere, Every Day’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। European Union (EU)-এর অর্থায়নে Ecosystems Restoration and Resilient Development in the CHT (UNDP) প্রকল্পের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা কোঅডিনেটর অংসিং প্রু মার্মা এবং UNDP বান্দরবান পার্বত্য জেলার Upazila Facilitation/Field Assistant মো. শামিউল আলম।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন। শান্তির পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সংহতি ও সম্প্রীতির বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের সামাজিক আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক