প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাঘাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অং জিং মারমা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীর এবং কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। এ সময় শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন