ছন্দ সেন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের চিত্রশিল্পীদের তুলির পরশে জীবন্ত হয়ে উঠল পাহাড়, হ্রদ আর প্রকৃতির বৈচিত্র্যময় রূপ। রাঙামাটির কাটাতলিস্থিত রাঙাদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল পার্বত্য চট্টগ্রামের চিত্রশিল্পীদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ আর্ট ক্যাম্প ‘রাঙাদ্বীপের রংকথা’।

গত ৪ অক্টোবর শুরু হয়ে আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) সফলভাবে শেষ হয় তরুণ শিল্পীদের এই মিলনমেলা।
আয়োজকরা জানান, পাহাড়ের তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের এক সুতোয় গাঁথা এবং পার্বত্য অঞ্চলের শিল্প-সংস্কৃতিকে ক্যানভাসে ফুটিয়ে তোলার লক্ষ্যেই এই চিত্রশালার আয়োজন করা হয়। তিন দিন জুড়ে রিসোর্ট প্রাঙ্গণে শিল্পীদের তুলি ও ক্যানভাসের ছন্দে মুখরিত ছিল চারপাশ। ক্যানভাসে যেমন ফুটে উঠেছে পাহাড়ের চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্য ও ঝরনা, তেমনি সুইমিং পুলের দেয়ালে আঁকা হয়েছে সাগরের তলদেশের মনোমুগ্ধকর ম্যুরাল চিত্র।
এই আর্ট ক্যাম্পের ক্যানভাস ও দেয়ালচিত্রে শিল্পীদের সৃজনশীলতার প্রতিফলন ঘটাতে দেখা গেছে রঙিন সব চিত্রকর্ম। কেউ ফুটিয়ে তুলেছেন পাহাড়ি প্রকৃতির সবুজ ও জলপ্রপাত, কেউ বা বিশালাকার ক্যানভাসজুড়ে রেনফরেস্ট ও ট্রপিক্যাল পাতার নিখুঁত নকশা আঁকায় ব্যস্ত সময় পার করেছেন।

এই ক্যাম্পে অংশগ্রহণ করেন ২৬ জন চিত্রশিল্পী। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— জয়তু চাকমা, অথোয়াই মারমা, সুফল চাকমা, রিকেল চাকমা, কনক চাকমা, সুজন বিকাশ চাকমা, রিবেং তালুকদার, অনন্য চাকমা, প্রগতি চাকমা, সঞ্চয়মনি চাকমা, হৃদয় চাকমা, ইয়া ইয়াং ম্রো, হৃদক চাকমা, উথান্ট চাক, মংটিং থো মারমা, এথা চাকমা, মনজুড়ি দেওয়ান, প্রতিজ্ঞা চাকমা, রিতা চাকমা, শিরোনমিতা ত্রিপুরা, সজ্জিত চাকমা, সুই থোয়াই সিং মারমা, অলইন চাকমা, অর্ণব চাকমা, জোনাল চাকমা এবং দিব্য আলো চাকমা।
অংশগ্রহণকারী শিল্পীরা জানান, প্রকৃতির সান্নিধ্যে এমন উন্মুক্ত পরিবেশে একসাথে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দের। এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের চিত্রশিল্প চর্চাকে আরও বহু দূর এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক