প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৫:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হালদা প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যজীবীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে মৎস্যচাষি, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের আওতাধীন ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর অধীনে আয়োজিত এ প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী এলাকার নির্বাচিত ২৫ জন মৎস্যজীবী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান। প্রশিক্ষণে হালদা ও তৎসংলগ্ন কর্ণফুলী নদীর পরিবেশগত গুরুত্ব, প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, নিরাপদ ও সঠিক পদ্ধতিতে মাছের পোনা পরিবহন, আধুনিক নার্সারি ব্যবস্থাপনা, টেকসই মৎস্যচাষ কৌশল এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হালদা ও কর্ণফুলী নদীর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, পরিবেশবান্ধব মাছ চাষ এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করা হয়।

সংশ্লিষ্টদের মতে, নদীকেন্দ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় মৎস্যজীবীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন