সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, তথ্য আপা আমবিয়া বেগম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ওয়ার্ড সদস্য রিপন চাকমা এবং দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সৈকত দাশ (রুবেল)।
সভায় আসন্ন দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
জানা গেছে, বিলাইছড়ি বাজার এলাকায় একটি পূজামণ্ডপে শ্রীশ্রী কালীমন্দিরে জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা বিএনপির পক্ষ হতেও সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা যায়।

অনলাইন ডেস্ক