রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এলাকার ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে অধিনায়ক জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। মণ্ডপগুলোর নিরাপত্তায় দিন-রাত ২৪ ঘণ্টা ২ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল টহলে রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়ন সদরে আরও ২ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।” এ সময় তিনি জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বিত নিরাপত্তার ওপর জোর দেন এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।
বিজিবির এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা।

অনলাইন ডেস্ক