চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজারের সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সড়কটি পুনরায় সংস্কার করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির মেরামতকাজ এখনো শেষ হয়নি। সংস্কারকাজ চলমান থাকলেও সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই দুর্ঘটনা এড়াতে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক