আবু বককর, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইবনে সিনা হাসপাতালের রেষ্টহাউজের হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় এই আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা শুরু হয়।
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লংগদু (রাবেতা)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের মার্কেটিং অফিসার আবু বককর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাবেতা প্রজেক্টের খতিব মাওলানা আবু বকর ছিদ্দিক।
সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জিএম রেজাউল ইসলাম, বায়তুশ শরফ আলিম মাদ্রাসা কমপ্লেক্সের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ফোরকান আহম্মদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা মো. আমিনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনসহ এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামারা।
সভায় স্থানীয় জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার মানুষের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত আলেম-ওলামারা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে সুস্বাস্থ্য অন্যতম। তাই সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও আন্তরিক চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে চিকিৎসক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো জরুরি। এ ধরনের মতবিনিময় সভা সংশ্লিষ্ট সবার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলাম জানান আগামী নভেম্বর মাসের ২,৩ ও ৪ তারিখ ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজের সার্জারী ডাক্তারদের টিম আসবে সল্প ব্যয়ে জেনারেল সার্জারী (অপারেশন) করার ব্যবস্থা করেছি যাতে দরিদ্র এলাকার মানুষ গুলো সেবা নিতে পারে।
সভায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লংগদুর চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনলাইন ডেস্ক