মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর শাম্মী আক্তার নামে ১২ বছর বয়সি এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শাম্মী আক্তার গত রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য ছেলে-মেয়েদের সাথে ছাগল চড়াতে বাড়ির অদূরে মাঠে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য সব ছেলে-মেয়েরা বাড়িতে ফিরে এলেও শাম্মী বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ওই রাতে শাম্মীর বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেন। এরই এক পর্যায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে মানুষের মতো কি যেন একটা ভেসে ওঠা দেখে এক ব্যক্তি হৈচৈ শুরু করলে আশপাশের অসংখ্য মানুষ সেখানে এসে ভিড় করে। পরে পানি থেকে মরদেহটি তোলার পর সেটি শাম্মীর বলে সনাক্ত করে তার বাবা-মা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিখোঁজ হওয়ার ২দিন পর বিলের পানি থেকে স্কুল ছাত্রী শাম্মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

অনলাইন ডেস্ক