পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তানিয়া। সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের আনন্দের যাত্রা বিষাদে পরিণত হয়।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।
মাত্র ১২ বছর বয়সে তানিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বয়সে তার পড়াশোনা, খেলাধুলা আর আনন্দে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।

অনলাইন ডেস্ক