প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‎

অনলাইন ডেস্ক

 

‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও কাচালং নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎দিনের শুরুতে সকাল ৮টায় চৌমুহনী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বৃক্ষরোপণ এবং কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
‎
‎বিকাল ৪টায় কাচালং ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
‎
‎এসময় পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা এবং জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
‎
‎বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশকে পুনরায় সচল করতে সময় প্রয়োজন। দেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
‎
‎দিনব্যাপী নানা কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘাইছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন