প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৭:০০ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

থানচিতে সেতুহীন পদ্মমুখ, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ!

অনলাইন ডেস্ক

 

চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নিরাপদ যোগাযোগব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের অন্তত ১৫টি গ্রামের মানুষ। একটি স্থায়ী সেতুর অভাবে তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুমের বেঁয়ে চলাচলের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাঁরা জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে চলছে তাঁদের যাতায়াত। সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন এসব জনপদের বাসিন্দারা। তাই দীর্ঘদিন দুর্ভোগ নিরসনে সেখানেই একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের দাবি তাঁদের।

সূত্রে জানা গেছে, তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুমের বেঁয়ে চলাচলের নেই কোনো স্থায়ী সেতু। ফলে দুটি মৌজার অন্তত ১৫টি গ্রামের মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় ভর করেই চলাচল করতে হচ্ছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব জনপদগুলো।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পদ্ম ঝিরিতে খুমের বেঁয়ে চলাচলের পথটি খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে নেই কোনো স্থায়ী সাঁকো কিংবা সেতু। যুগের পর যুগ ধরে এটিই তাঁদের চলাচলে প্রধানপথ হিসেবে ব্যবহার করে আসছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লে পারাপার হয়ে ওঠে আরও বিপজ্জনক। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা, উহ্লামং মারমা ও খুবাইতি ত্রিপুরাসহ অনেকেই জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেই পদ্মঝিরি খুমপথে চলাচলে করতে হয়। একদিকে একটি স্থায়ী সেতুর অভাবে শিশু, বয়স্ক ও অসুস্থদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহন।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, অর্থসংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ সম্ভব হচ্ছে না। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার করতে হচ্ছে অন্তত ১৫ গ্রামের মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে পদ্ম ঝিরির খুম পারাপারের পথে স্থায়ী সেতু নির্মাণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, পদ্ম ঝিরিতে খুমের একপাশে বেঁয়ে চলাচলের পথটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে আগামীতে প্রকল্প বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন