প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কাপ্তাইয়ের রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি হেডম্যান কার্যালয়ের সম্মুখে অবস্থিত সর্বসাধারণের কল্যাণমূলক একটি অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন হওয়া এই কার্যালয়টি এশিয়ান ওয়েলফেয়ার কোঃ সোঃ লিঃ-এর পরিচালকের পক্ষ থেকে সম্পূর্ণ জনস্বার্থের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল হাসেম, শের খান, মো. নেয়ামত আলী, সাচিংউ মারমা, মো. অলি আহমদ, সুমন মারমা, মো. নজরুল আলম, সাথোয়াই মারমা, মো. সেকান্দর, মো. আব্দুর রহমান এবং মো. নাসিমসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। আনুমানিক ৩০ জন ধারণক্ষমতার এই ইমারতটি অত্র এলাকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সামাজিক আলাপ-আলোচনা এবং সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে উন্মুক্ত করা হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, সামাজিক কমিটি, মসজিদ/মাদ্রাসা ও মন্দির কমিটি, কারবারীগণ এবং বিভিন্ন ক্লাবের খেলাধুলার আলোচনায় এই কার্যালয়টি বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমের জন্যেও সরকারি এই অফিসটি ব্যবহার করা যাবে। তবে কার্যালয়ের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার্থে এর ভেতরে যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনা করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। এলাকার যেকোনো সরকারি-বেসরকারি সামাজিক কার্যক্রমে বিনা খরচে এই কার্যালয় ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন