মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার চরাঞ্চলের মানুষের দারিদ্রতা দূরীকরণে এককালীন অনুদানের মাধ্যমে জীবনযাত্রায় টেকসই পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’।
আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ফুলছড়ি উপজেলার চরাঞ্চল ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবারকে দুই কিস্তিতে পরিবার প্রতি সর্বমোট ৬০ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথম কিস্তিতে চলতি নভেম্বরে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বরে বাকি ৫১ হাজার টাকা পৌঁছানো হবে।
এম. আব্দুস সালাম আরও জানান, অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত চাপানো হবে না।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান সফলতা পাওয়া গেলে ভবিষ্যতে এই প্রকল্পের আঁকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অনলাইন ডেস্ক