প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৬:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাইখালীতে দোকানে গিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা, অবশেষে ধরা পড়ল ভুয়া এনএসআই সদস্য

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ চার মাস ধরে চাঁদা আদায়ের অভিযোগে মো. সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাইখালী বাজার এলাকার মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত সাইদুর রহমান গত চার মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ওই দোকান থেকে এনএসআই সদস্য পরিচয়ে চাঁদা নিয়ে আসছিলেন। সম্প্রতি তার আচরণে দোকান মালিকের সন্দেহ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি আবারও দোকানে চাঁদা নিতে গেলে মালিক স্থানীয়দের সহায়তায় ও থানায় খবর দিয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করেন এবং তাকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে নিশ্চিত করে থানা হেফাজতে নেন।

আটককৃত মো. সাইদুর রহমানের স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি (মুসলিম পাড়া) এলাকার মো. বাদশা মিয়া ও মোসা. ছকিনা বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রোজারহাট এলাকায় বসবাস করছিলেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন